পঙ্কজ ত্রিপাঠি, যাকে বলিউডের অন্যধারার অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়। তার অভিনয়ে বুঁদ হয়ে থাকেন আপামর দর্শক। তবে তিনি নাকি অভিনেতা হতে চাননি কখনও। স্বপ্ন দেখছিলেন, বড় হয়ে একটা ট্রাক্টর কিনবেন। বাড়ির বড়দের মতো ক্ষেতের অর্থাৎ কৃষিকাজ করবেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবনের অজানা গল্প বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
সেই সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠি বলেন, ‘আমার ইচ্ছা ছিল, বড় হয়ে একটা ট্র্যাক্টর কিনব, বাবার মতো কৃষি কাজ করব। সেটাই আমার স্বপ্ন ছিল যে, বড় হয়ে ট্রাক্টর চালাব। কিন্তু ক্লাস ১০-এ আমার ঘরে যদি ট্র্যাক্টরটা চলে আসত, তাহলে হয়তো আমি আর ক্ষেতের কাজই করতাম। ট্র্যাক্টর চালাতাম। কিন্তু সেটা আমার ঘরে এল না বলেই আমি অভিনেতা হলাম। যদি তুমি কিছু চাও আর ঈশ্বর সেটা তোমায় না দেন, তাহলে বুঝতে পারবে সেটা ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর হয়তো তোমার জন্য অন্য কিছু পরিকল্পনা করে রেখেছেন। ঠিক যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। আমার ঘরে যদি ক্লাস টেনে ট্রাক্টরটা এসে যেত, তাহলে আমি আর অভিনেতা হতে পারতাম না।’
প্রসঙ্গত, ২০১২ সালে শুটিং শুরু হয়েছিল অনুরাগ কাশ্যপের ছবি ‘গ্যাংস অফ ওয়াসেপুর’-এর। এই ছবির গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন পঙ্কজ ত্রিপাঠি।
সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে সেই ছবির স্মৃতি রোমন্থনও করেছেন পঙ্কজ। কীভাবে শুটিং হতো, কাজ হতো সেই বর্ণনাও দিয়েছেন তিনি। পঙ্কজের কথায়, ‘এখন সব অভিনেতা অভিনেত্রীরাই শট দেওয়ার পরে নিজের নিজের ভ্যানিটি ভ্যানে ফিরে যান। সেখানেই সময় কাটান একা বসে। হয়তো বা আগামী শটের প্রস্তুতি নেন। তবে যখন আমরা গ্যাংস অফ ওয়াসেপুর-এ কাজ করেছি, এই প্রথা ছিল না। তখন তো ভ্যানিটিও ছিল না। সবাই বাইরে চেয়ার পেতে বসে গল্প করতাম।’