বিএনপির অফিস উদ্বোধনে বিশেষ অতিথি শ্রমিকলীগ নেতা

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে শ্রমিকলীগ নেতার উপস্থিতি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। 

শনিবার (১৪ডিসেম্বর) বিকেলে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে ইউনিয়ন বিএনপির একটি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল উপজেলার মদনপুরা গ্রামে জাতীয়তাবাদী দল বিএনপির একটি কার্যালয় উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালামকে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে এবং তিনি মঞ্চে অতিথিদের পাশেই বসেছিলেন। এতে উপস্থিত কয়েকজন তাৎক্ষণিক প্রতিবাদ জানান। পতিত হাসিনা সরকারের আমলে আবুল কালাম বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করেছেন। বিএনপির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কারণে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত একাধিক বিএনপি নেতা বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার খুনি, ফ্যাসিবাদী পতিত আওয়ামী সরকারের একটি অঙ্গসংগঠনের প্রথম শ্রেণির নেতা বিএনপি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি লজ্জাজনক। 

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বলেন, ‘এটা ছিল গ্রামের মধ্যে একটা বিএনপির ছোট অফিস উদ্বোধন অনুষ্ঠান। এখানে দোয়ার অয়োজন করা হয়েছিল। তাই মসজিদে যারা নামাজ পড়েছে সকলেই সেখানে দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের ওই নেতা বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ থাকায় লোকেরা তাকে ডেকে চেয়ারে বসিয়েছে।’

বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এমন ঘটনা ঘটলে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 
উল্লেখ্য, শ্রমীক লীগের সম্পাদক আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের ডোনার হিসাবে পরিচিত। তিনি আওয়ামী লীগের সময়ে পল্লী বিদ্যুতের ঠিকাদার ছিলেন।