ভারতীয় চলচ্চিত্র জগতের ‘লেডি সুপারস্টার’ হিসেবে পরিচিত নয়নতারা সম্প্রতি তার অতীত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন। ২০২৩ সালে শাহরুখ খানের ছবি ‘জওয়ান’ দিয়ে বলিউডে অভিষেক হয় এই তামিল অভিনেত্রীর। ক্যারিয়ারের শীর্ষে থাকা অবস্থায় প্রখ্যাত পরিচালক ও কোরিওগ্রাফার প্রভু দেবাকে ডেটিং করার সময় নয়নতারা চলচ্চিত্র থেকে বিরতি নেন।
একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি একসময় বিশ্বাস করতাম, যদি আমি জীবনে প্রেম চাই, তবে কিছু না কিছু ত্যাগ করতেই হবে। আমি তখন খুবই কম্প্রোমাইজড মানসিকতার ছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে এমন অনেক সম্পর্কের উদাহরণ আমরা দেখেছি। তাই আমি মনে করতাম, যদি প্রেম চাই, তবে কোথাও না কোথাও কিছু ত্যাগ করতে হবে।’
নয়নতারা আরও জানান, প্রভু দেবার সঙ্গে সম্পর্কের কারণে তার জীবন অনেকটাই পরিবর্তিত হয়েছে। তিনি বলেন, ‘যদি সেই সম্পর্ক না থাকত, তবে আমি আজকের নয়নতারা হয়ে উঠতে পারতামনা। আমি তখন পুরোপুরি আলাদা মানুষ হয়ে গিয়েছিলাম।’
নয়নতারা এবং প্রভু দেবার সম্পর্ক শেষ হবার পর তিনি পরিচালক উইগ্নেশ শিবানের সঙ্গে ২০১৫ সালে ‘নানুম রাওডি ধান’ ছবির সেটে পরিচিত হন এবং ২০২২ সালে তারা বিয়ে করেন।