অভিনয়ে ব্যর্থতার পরও সাড়ে ৩ হাজার কোটির মালিক বিবেক!

সম্প্রতি নিজের সফল ব্যবসায়িক উদ্যোগ ও জীবনযাপন নিয়ে আলোচনায় এসেছেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। অভিনয়জগতে সাফল্য অর্জন করতে না পারলেও তার ব্যবসায়িক প্রতিভা দিয়ে বেশ আলোচনায় আছেন এই অভিনেতা। তার প্রতিষ্ঠিত স্টার্টআপের মূল্য বর্তমানে প্রায় ৩৪০০ কোটি টাকা। তবে এত বড় সাম্রাজ্য তৈরি করেও বিবেক ব্যক্তিগত বিমানের পরিবর্তে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।

বিবেকের স্টার্টআপ মূলত ছাত্রদের স্কলারশিপ প্রদানের লক্ষ্যে গড়ে উঠেছিল। প্রথমে এটি ১২ হাজার স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিস্তৃত হয়। পরবর্তী পর্যায়ে এর পরিধি আরও বাড়ে এবং বর্তমানে ৪৫ লাখ গ্রাহকের কাছে তাদের সেবা পৌঁছে দেওয়া হচ্ছে। বিবেকের এই উদ্যোগের বাজারমূল্য এখন ৪০০ মিলিয়ন ডলার বা ৩৪০০ কোটি টাকা।

ব্যবসায় সফলতা অর্জন করলেও বিলাসবহুল জীবনযাপনের প্রতি তার কোনো ঝোঁক নেই। এ প্রসঙ্গে বিবেক বলেন, ‘আমি সবসময় চাই আমার সহকর্মীদের সঙ্গে মিশে থাকতে। তাই ব্যক্তিগত বিমানের বদলে ইকোনমি ক্লাসে ভ্রমণ করাই পছন্দ করি।’

অভিনয়ের পাশাপাশি ব্যবসা তার জীবনে অর্থনৈতিক স্থিরতা এনেছে। বিবেক বলেন, ‘অভিনয় আমার প্যাশন, তবে ব্যবসা আমাকে স্বাধীনতা দিয়েছে। এখন আর বলিউডের কারও কাছে মাথা নিচু করতে হয় না।’

‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’র মতো হিট সিনেমা দেওয়ার পরও দীর্ঘ ১৮ মাস কোনো কাজ না পাওয়ার অভিজ্ঞতা তাকে বুঝিয়ে দিয়েছিল বলিউডের অনিশ্চয়তা। সেই সময় থেকেই তিনি ব্যবসার দিকে ঝুঁকে পড়েন।

ব্যবসায়িক সফলতা পেলেও অভিনয় ছাড়েননি বিবেক। আগামী বছর তিনি ‘মস্তি ৪’ ছবির শুটিং শুরু করবেন রিতেশ দেশমুখ এবং আফতাব শিবদাসানির সঙ্গে। এছাড়াও টাইগার শ্রফের সঙ্গে একটি অ্যাকশন থ্রিলার এবং বিশাল রঞ্জন মিত্র পরিচালিত আরেকটি অ্যাকশন সিনেমায় তাকে দেখা যাবে। বিবেককে সর্বশেষ দেখা গেছে রোহিত শেট্টির পরিচালনায় ইন্ডিয়ান পুলিশ ফোর্স সিরিজে।