বলিউডের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত ঐতিহাসিক কাপুর হাভেলিতে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।
শনিবার (১৫ ডিসেম্বর) আয়োজিত এই অনুষ্ঠানে দেশটির সাংস্কৃতিক কর্মী, চলচ্চিত্রপ্রেমী এবং স্থানীয় ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। উদযাপনের মূল আকর্ষণ ছিল রাজ কাপুরের জন্মশতবর্ষ স্মরণে কেক কাটা। এই আয়োজনের মাধ্যমে পেশোয়ারের চলচ্চিত্র ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
আয়োজক ছিল কালচারাল হেরিটেজ কাউন্সিল এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাক-ইরান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ হুসেইন হায়দারি।
বিশ্বব্যাংক রাজ কাপুর এবং দিলীপ কুমারের পৈতৃক বাড়ির সংরক্ষণের জন্য ১০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা দিয়েছে। কাপুর হাভেলি এবং দিলীপ কুমারের বাড়ি পেশোয়ারের ঐতিহাসিক কিস্সা খাওয়ানি বাজারের কাছে অবস্থিত।
বিশিষ্ট লেখক ও চলচ্চিত্র গবেষক ইব্রাহিম জিয়া জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ কাপুরের শৈশব ও কৈশোরের দুর্লভ ছবি প্রদর্শন করেন এবং তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি রাজ কাপুরকে ‘ভারতীয় সিনেমার শ্রেষ্ঠ শোম্যান’ হিসেবে আখ্যায়িত করেন।
পেশোয়ারের এই এলাকা শুধু রাজ কাপুরের জন্মস্থানই নয়, বরং এখানেই অবস্থিত বলিউডের আরেক কিংবদন্তি দিলীপ কুমার এবং আধুনিক যুগের তারকা শাহরুখ খানের পৈতৃক বাড়ি। ফলে শহরটি দুই প্রজন্মের ভারতীয় চলচ্চিত্র কিংবদন্তিদের সাথে ঐতিহাসিকভাবে সংযুক্ত। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা রাজ কাপুরের অবদান স্মরণ করে বড় পরিসরে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের আহবান জানান।