গভর্নরের সঙ্গে ছাত্রনেতাদের বৈঠক

রোজায় নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিতের দাবি হাসনাতের

পবিত্র রমজানের নিত্যপণ্য সরবাহের ক্ষেত্রে পর্যাপ্ত এলসি খোলা ও ভোজ্যতেল সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করেন তিনি। এসময় হাসনাত আব্দুল্লার সাথে আরও দুইজনকে দেখা যায়।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কমেছে এলসি (ঋণপত্র) খোলা ও নিষ্পত্তির পরিমাণ। এ সময়ে শুধু শিল্পের কাঁচামাল আমদানি করা হয়েছে। ফলে আগের বছরের একই সময়ের তুলনায় মোট আমদানির এলসি খোলার পরিমাণ কমেছে প্রায় ৭ শতাংশ। একইভাবে এলসি নিষ্পত্তির পরিমাণ কমেছে ২ দশমিক ৫০ শতাংশের মতো। বাংলাদেশ ব্যাংকের জুলাই-সেপ্টেম্বর সময়ের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বৈঠক সূত্র জানায়, গভর্নরের সঙ্গে হাসনাত আব্দুল্লার আলোচনায় রমজানের পণ্য আমদানির এলসির বিষয়ে আলোচনা হলে গভর্নর জানান, এলসি খোলার ক্ষেত্রে ডলারের কোনো সংকট নেই। ব্যবসায়ীরা চাহিদামতো এলসি খুলতে পারছেন।

সম্প্রতি পবিত্র রমজান মাসকে সামনে রেখে ব্যাংকগুলোকে তাদের ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে প্রয়োজনীয় পণ্য আমদানিতে এলসি মার্জিন সর্বনিম্ন রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ভোজ্যতেলের দাম বৃদ্ধি, আমদনি ও যোগানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ভোজ্যতেল আমদানির পর্যাপ্ত এলসি খোলা হয়েছে কিনা এবং  প্রকৃতপক্ষে তেলের কোনো সংকটে দাম বাড়ার নেপথ্যে কাজ করছে কিনা তা গভর্নরের কছে জানতে চান তিনি। দাম বাড়ায় সরবরাহ হঠাৎ বাজারে তেল পাওয়া যাচ্ছে এমন ঘটনার কারণ খুঁজে বের করার অনুরোধ জানানো হয় বলে বৈঠক সূত্র নিশ্চিত  করেছে।

বৈঠক শেষে হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, এটা পূর্ব নির্ধারিত তেমন কোনো বৈঠক ছিল না। আমরা একটু খোঁজ-খবর নিতে এসেছিলাম, নিত্যপণ্য আমদানির ক্ষেত্রে এলসি খোলায় সমস্যা হচ্ছে কি না, ডলার সংকট আছে কি না বা অন্যান্য কোনো সমস্যা আছে কি না এসব বিষয়ে গভর্নরের সাথে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ব্যবসায়ীদের অভিযোগ পর্যাপ্ত এলসি না হওয়ায় ভোজ্যতেলের সংকট বিষয়ে গভর্নর  জানিয়েছেন, কোনো সংকট নেই।রমজানের পণ্যের আমদানিতে কোন সমস্যা হবে না। এলসিতে ছাড় দেওয়া হয়েছে।