সব ধরনের ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ

বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের আওতাধীন প্রতিযোগিতাগুলোতে বোলিং থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। আইসিসি অনুমোদিত টেস্টিং সেন্টারে বোলিং অ্যাকশনের মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

এই নিষেধাজ্ঞার প্রেক্ষিতে সাকিব আন্তর্জাতিক ক্রিকেট, দেশের বাইরের ঘরোয়া লিগ, এবং দেশের সব ঘরোয়া টুর্নামেন্টে বোলিং করতে পারবেন না। 

আইসিসি-এর ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী, একবার কোনো জাতীয় ক্রিকেট বোর্ড তাদের প্রতিযোগিতায় একজন খেলোয়াড়কে বোলিং থেকে বিরত রাখলে তা স্বয়ংক্রিয়ভাবে আইসিসি এবং অন্যান্য বোর্ডের অধীন প্রতিযোগিতায় কার্যকর হয়।  

তবে, সাকিব ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন। 

বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ’সাকিব আপাতত বোলিং করতে না পারলেও তিনি সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন। বিসিবি জানে যে, সাকিব শীঘ্রই তার বোলিং অ্যাকশন বৈধ করার চেষ্টায় একটি আইসিসি স্বীকৃত পরীক্ষা কেন্দ্রে পুনর্মূল্যায়নের জন্য যাবেন।’