জনপ্রশাসনের বিষয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন ধরনের সুপারিশ করেছে বিএনপির জনপ্রশাসনবিষয়ক সংস্কার কমিটি। বিএনপির এই কমিটির পক্ষ থেকে সুপারিশগুলো গতকাল রবিবার সরকারের জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। সুপারিশে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে প্রশাসনের দলবাজ ও দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে চিহ্নিত করে যাদের চাকরিকাল ২৫ বছর হয়েছে, তাদের অব্যাহতি, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি), কম গুরুত্বপূর্ণ পদে পদায়নের কথা বলা হয়েছে। আর যেসব সৎ ও মেধাবী কর্মকর্তাকে গত ১৫ বছরে ওএসডি, বঞ্চিত করে অবসর এবং বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তাদের ভূতাপেক্ষ পদোন্নতিসহ চুক্তিভিত্তিক নিয়োগের সুপারিশ করেছে বিএনপির জনপ্রশাসনবিষয়ক সংস্কার কমিটি। গতকাল বেলা ১১টার দিকে বিএনপির জনপ্রশাসন-বিষয়ক সংস্কার কমিটির পক্ষ থেকে সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিটির সদস্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের কাছে সুপারিশগুলো তুলে দেওয়া হয়। এ সময় বিএনপির জনপ্রশাসনবিষয়ক সংস্কার কমিটির সদস্য ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের সঙ্গে সুপারিশ নিয়ে কথা বলেন। এ বিষয়ে সাংবাদিকদের ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘প্রশাসন ঢেলে সাজাতে হবে। প্রতিটি নির্বাচনের তিন মাস আগে প্রশাসনের সর্বস্তরে পরিবর্তন আনতে হবে।