গোল্ডেন ডাকের দিনে কিপিংয়ে রেকর্ড লিটনের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই আউট হয়ে ফেরেন লিটন দাস। বাংলাদেশও স্বাগতিকদের লক্ষ্য দেয় সাদামাটা ১৪৮ রানের। এমন ব্যাটিং ব্যর্থতার দিনে অবশ্য কিপিংয়ে দেশের হয়ে রেকর্ড গড়েছেন লিটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ৫টি ডিসমিসালের কীর্তি গড়েছেন তিনি।

এতো দিন এ কীর্তিটি ছিল মুশফিকুর রহিমের দখলে। ২০০৭ সালে উইন্ডিজের বিপক্ষে ৩টি ডিসমিসাল পেয়েছিলেন তিনি। ৩টি করে ডিসমিসালের কীর্তি রয়েছে নুরুল হাসান সোহান (দুইবার) ও লিটনেরও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কিপিংয়ের বিশ্বরেকর্ড ৬ ডিসমিসাল। গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের মিচেল হে এই রেকর্ড গড়েন।

তবে সেন্ট ভিনসেন্টে আজ এককভাবে এই রেকর্ডটি নিজের করে নিলেন ভারপ্রাপ্ত এ অধিনায়ক। নিকোলাস পুরানকে স্টাম্পিংয়ের পর রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, গুডাকেশ মোতি ও রভম্যান পাওয়েলের ক্যাচ নিয়ে তাদের সাজঘরে ফেরার পথ করে দেন লিটন। এর আগে টি-টোয়েন্টিতে ৬০টি ডিসমিসাল ছিল তার।