সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচে নিয়ে যাওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কথা বলার সময়ই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, সর্বশেষ খবর অনুযায়ী হাসপাতালে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।
মির্জা ফখরুলের সঙ্গে গিয়েছেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আবদুস সালাম এবং যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। সেখানে তাকে ভর্তি করা হয়েছে।