বিজয় দিবসে পুরুষ জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে হারানোর কিছু সময় পর এবার মালয়েশিয়াতে চলমান নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলার তরুণীরা।
আজ কুয়ালালামপুরে বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১৭ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২২ রান তোলে নারীরা। রান তাড়ায় লঙ্কানরা থেমে যায় ৮ উইকেটে ৯৪ রানে।
১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে সুমাইয়া ফারজানাদের দারুণ বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান মেয়েরা। শেষ পর্যন্ত অলআউট না হলেও একশ’র নিচেই আটকে যায়।
দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ওপেনার সানজানা কাভিন্দির। ১৩ বলে ২১ রান করেছেন এই ব্যাটার। অন্যদিকে, অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে শূন্য রানেই প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর যদিও ছোট ছোট ইনিংসে ঘুরে দাঁড়ায় মেয়েরা। সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। এ ছাড়া আফিয়া আশিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪, এবং মোসাম্মৎ ইভা ১৯ বলে ১৮ রান করেন।