’২৪-এর গণঅভ্যুত্থান শহীদদের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ তৈরি করেছে: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ‘গত ৫৪ বছরে বীর শহীদদের বন্দনা করা হয়েছে, কিন্তু কেউই শহীদদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেনি। শহীদরা যে সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজের স্বপ্ন দেখেছিলেন তার বিপরীতে দেশকে নিয়ে যাওয়া হয়েছে। ২০২৪-এর ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থান আরেকবার শহীদদের স্বপ্ন বাস্তবায়িত করার সুযোগ ও সম্ভাবনা তৈরি করেছে।’

আজ সোমবার মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।

সাইফুল হক বলেন, ’৭২ আর ’৯০-এর মতো এবার এ সুযোগ নষ্ট করা যাবে না। ’৭১-এর চেতনায় ২০২৪-এর গণঅভ্যুত্থানকে ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, ‘গত ৫৪ বছরে এদেশের সরকার ও শাসকগোষ্ঠী আমাদের বিজয়কে পরাজয়ে পরিনত করেছিল। মানুষের স্বপ্নকে তারা দুঃস্বপ্নে পরিণত করেছে। উন্নয়নের কথা বলে আওয়ামী লীগ দেশে এক নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। 

এর আগে, ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের  শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় দলটির রাজনৈতিক পরিষদের  সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ঢাকা শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক,  অরবিন্দু বেপারী বিন্দু, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাবর চৌধুরী, মোহাম্মদ সুমন, আব্দুল হালিম ভুঈয়া প্রমুখ উপস্থিত ছিলেন।