নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে চালক নিহত, আহত ৩

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে হাবিবুর রহমান টিটু (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের চালকসহ তিনজন। তবে আহতদের কারো নাম পরিচয় জানা যায়নি।

সোমবার ভোর ৪টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ ঝারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ট্রাক চালক হাবিবুর রহমান টিটু ঝিনাইদহের কালীগঞ্জের আনসার মোল্লার ছেলে। 

হাইওয়ে পুলিশ জানায়, ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ ঝারতলা এলাকায় জৈবসার বোঝাই ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত ও বাসের চালকসহ ৩ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজু মিয়া বলেন, দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বাস ও ট্রাক দুটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে।