টানা তিন বলে উইকেট নিলে হ্যাটট্রিক, টানা চার বলে নিলে হয় ডাবল হ্যাটট্রিক। এমন কীর্তি গড়েছেন এমন একটি দেশের বোলার, যারা ফুটবলে যতোটা ডাকসাইটে, ক্রিকেটে তার ঠিক উল্টো। আর্জেন্টিনা। দেশটির ৩৬ বছর বয়সী পেসার হারনান ফেনেল রবিবার আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ সাব রিজিওনাল আমেরিকাস কোয়ালিফায়ারে কেইম্যান আইল্যান্ডসের বিপক্ষে এই কীর্তি গড়েন।
ফেনেল টানা চার বলে কেইম্যানের প্রধান চার ব্যাটসম্যান— ট্রয় টেইলর, আলিস্টার ইফিল, রোনাল্ড ইব্যাঙ্কস এবং আলেসান্দ্রো মরিসকে সাজঘরে ফেরান। ফেনেলের দুর্দান্ত এই বোলিং পারফরম্যান্স শেষ হয় ১৪ রানে ৫ উইকেট নিয়ে।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডাবল হ্যাটট্রিক করা ষষ্ঠ খেলোয়াড় ফেলেন। তার আগে এই কীর্তি গড়েছিলেন আফগানিস্তানের রাশিদ খান, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার এবং লেসোথোর ওয়াসিম ইয়াকুব।
ফেনেল এদিন আরও একটি মাইলফলক অর্জন করেন— তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক হ্যাটট্রিক করা ষষ্ঠ বোলার হন। এর আগে, ২০২১ সালে পানামার বিপক্ষে এই প্রতিযোগিতাতেই প্রথম হ্যাটট্রিক করেছিলেন। একাধিক হ্যাটট্রিক আর আছে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, নিউজিল্যান্ডের টিম সাউদি এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, মাল্টার ওয়াসিম আব্বাস ও সার্বিয়ার মার্ক পাভলোভিচের।
তবে রবিবারের ডাবল হ্যাট্রট্রিকেও ফেনেলরা জিততে পারেননি। কেইম্যান আইল্যান্ডসের ১১৬ রানের জবাবে আর্জেন্টিনা অলআউট হয়ে যায় মাত্র ৯৪ রানে।
আজ রাতে ব্রাজিলের সঙ্গে প্রতিযোগিতায় নিজেদের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জিতলে তারা রিজিওনাল ফাইনালে উঠতে পারে, যদি বাহামাস তার আগে মেক্সিকোর কাছে পয়েন্ট হারায়। কানাডা, বারমুডা, কেইম্যান আইল্যান্ডস ও বাহামাস/আর্জেন্টিনার মধ্যে চারদলের ফাইনাল রাউন্ড শেষে একটি দল সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠে যাবে।