জামালপুরের ইসলামপুর উপজেলায় ঝটিকা মিছিল করেছে ছাত্রলীগ। এ মিছিলের প্রতিবাদে জামালপুর শহরে সড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভারচর এলাকায় মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে শুরু হয় উত্তেজনা। পরে ওই মিছিলের প্রতিবাদে রাতে জামালপুর শহরের বুড়ির দোকান মোড়ে প্রধান সড়ক অবরোধ করেন বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধে শহরে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ সুপার ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশ সুপারের আশ্বাসে অবরোধে তুলে নেন শিক্ষার্থীর।
ঘণ্টাব্যাপি অবরোধে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, সদস্য সচিব আবিদ সৌরভ প্রমুখ।
এ অবরোধে বক্তরা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হয়েও ছাত্রলীগ প্রকাশ্যে মিছিলে করে। এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে তারা। তাই অতিদ্রুত এই ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছে ছাত্ররা। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, খুব অল্প সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় আনা হবে।