কাজী ফাইন্যান্সিয়াল সার্ভিসেস আয়োজিত ‘ভিক্টরি ডে সকার টুর্নামেন্ট ২০২৪’ উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয়েছে। বাংলাদেশের দিবস উদযাপন উপলক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্নের গ্রেঞ্জ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিকে একত্র করা হয়েছিল।
আট দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি ছিল ক্রীড়াশৈলী, ঐক্য এবং সাংস্কৃতিক গর্বের এক অনবদ্য প্রদর্শনী। সাতটি দল মেলবোর্ন থেকে এবং একটি দল সিডনি থেকে অংশগ্রহণ করেছিল।
টুর্নামেন্টের ফাইনালে সিডনিভিত্তিক দল ‘ওল্ড স্কুল’র মুখোমুখি হয় ‘দ্য কিকিন কমেডিয়ানস এফসি’। শিরোপা নির্ধারণী রোমাঞ্চকর ম্যাচটিতে পেনাল্টি শুটআউটের মাধ্যমে শিরোপা জিতে নেয় ওল্ড স্কুল। অন্যদিকে প্লেটস কাপের ফাইনালে গ্লেনফেরি ওভালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আরন স্টর্ম। এখানেও ফল নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটের মাধ্যমে।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন ডেপুটি মেয়র জশ গিলিগান, গ্রেঞ্জ ওয়ার্ডের কাউন্সিলর শ্যানন ম্যাকগুয়ের, মুক্তিযোদ্ধা শামসুজ জামান তৌমুর, ফুটবল অস্ট্রেলিয়া থেকে আব্রাহাম এবং অ্যাকটিভেট ইউথ থেকে জাজির নিজামুদ্দীন ও তাসিন কামাল।
ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানো হয়, যা দুটি দেশের মধ্যে ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার প্রতীক হিসেবে উদ্ভাসিত হয়।
এটি আয়োজন করেছিল অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ এবং বর্ন টু স্মাইল ইউরোপ এবং নেতৃত্বে ছিলেন ইমরান খান ও মজেদ উল হক। আয়োজকরা তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন এই ইভেন্টকে সফল করতে, যারা সমর্থন দিয়েছেন তাদের প্রতি। বিজ্ঞপ্তি