শিগগিরই মুক্তি পাচ্ছে সালমানের ‘সিকান্দার’

বলিউডের ভাইজান সালমান খানকে শেষ দেখা গিয়েছিল ‘টাইগার থ্রি’ ছবিতে -এর পর থেকেই বড় পর্দা থেকে কিছুটা দূরে রয়েছেন। কিন্তু তার নতুন ছবি ‘সিকান্দার’এর ঘোষণার পর থেকে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। ছবির প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালনা করছেন দক্ষিণ ভারতের খ্যাতনামা পরিচালক এ. আর. মুরুগাদোস । এই অ্যাকশন থ্রিলার ছবিটি ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

ভাইজানের  জন্মদিনের বিশেষ চমক থাকছে ভক্তদের জন্য। পিংকভিলার রিপোর্ট অনুসারে, ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সালমান খানের ৫৯তম জন্মদিনে ‘সিকান্দার’এর টিজার মুক্তি পেতে পারে। এই খবরে সালমান ভক্তদের মধ্যে আনন্দের ঝড় উঠেছে। শুধু টিজার নয় সম্ভবত ছবির ফার্স্ট লুক পোস্টারও এই বিশেষ দিনে প্রকাশিত হবে। যদিও এখন পর্যন্ত এটি প্রযোজক বা পরিচালক কর্তৃক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

‘সিকান্দার’ ছবির অন্যতম বড় আকর্ষণ হচ্ছে দক্ষিণ ভারতের সুপারস্টার রাশমিকা মান্দানা । এই প্রথমবার সালমান খানের সঙ্গে রুপালি পর্দায় তাকে দেখা যাবে। রাশমিকা ইতোমধ্যে দক্ষিণের পাশাপাশি বলিউডেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। সালমান এবং রাশমিকার এই নতুন জুটি দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

ছবির শুটিং শুরু হয়েছে হায়দরাবাদে, এবং প্রথম শিডিউলের কাজ প্রায় শেষের পথে। ইতোমধ্যে শুটিং সেট থেকে সালমান খানের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে সালমানকে একদম ভিন্ন রূপে দেখা যাচ্ছে, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। ছবির ক্লাইম্যাক্স অংশের শুটিং এখনো বাকি রয়েছে। নির্মাতারা ছবিটি বড় পরিসরে উপস্থাপন করতে কাজ করছেন।

‘সিকান্দার’ ছবির টিজার মুক্তি, ফার্স্ট লুক, এবং এর গল্প নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে। সালমান খান এবং রাশমিকার নতুন জুটি, পরিচালক এ. আর. মুরুগাদোসের হাতের দক্ষ পরিচালনা এবং সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনায় এই ছবিটি ২০২৫ সালের অন্যতম সেরা ছবি হওয়ার আশা জাগাচ্ছে।