সহসাই নিস্তার পাচ্ছেন না আল্লু অর্জুন, শীর্ষ আদালতে প্রশাসন! 

সন্ধ্যা প্রেক্ষাগৃহে এক নারীর পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়ে এক রাত হাজতবাস করেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। এরপর জামিনের আবেদন করলে অন্তর্বর্তী জামিন পান নায়ক। 

অন্তর্বর্তী জামিন পেয়ে ভেবেছিলেন, বুঝি স্বস্তি মিলল। আল্লুর পরিবারও স্বস্তির শ্বাস ফেলেছিল। কিন্তু সহসাই এই মামলা থেকে নিস্তার পাচ্ছেন না নায়ক বলেই খবর। 

মঙ্গলবার সকালে ৩৬০ ডিগ্রি ঘুরে গেছে সেই পরিস্থিতি। নায়কের জামিন নিয়ে প্রশাসন এবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হতে চলেছে। 

প্রশাসনের এই পদক্ষেপের কথা কানে গেছে আল্লুরও। তার পর থেকেই নাকি কপালে ভাঁজ পর্দার ‘পুষ্পা’র।

এর আগে ‘পুষ্পা ২’ ছবি মুক্তির দিন সন্ধ্যা প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। হাজারও দর্শকের সঙ্গে উপস্থিত ছিলেন রেবতি এবং তার কিশোর পুত্র শ্রী তেজ। ভিড়ের চোটে প্রথমে দম আটকে আসে তার। তার পরেই হুড়োহুড়িতে পড়ে যান তিনি। পদপিষ্ট হন তিনি এবং তার ছেলে। এরপর হাসপাতালে রেবতির মৃত্যু হয়। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার ছেলে।

এই ঘটনার পরে প্রশাসন জানিয়েছিল, আল্লু অর্জুনকে নাকি প্রেক্ষাগৃহে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছিল। যাতে এই ধরনের কোনও বিপত্তি না ঘটে। কিন্তু নায়ক সে কথা শোনেননি। উপস্থিত হন সেখানে। 

ফলে প্রশাসনের দাবি, অঘটনের দায়ভার কোনোভাবেই এড়াতে পারেন না আল্লু।

প্রশাসনের এই দাবি যদিও মানতে নারাজ বিনোদন দুনিয়ার শিল্পীরা। চিরঞ্জীবী থেকে রাশমিকা মান্দানা কিংবা ছবির পরিচালক সুকুমার— প্রত্যেকে সমর্থন জানিয়েছেন আল্লুকে। কিন্তু প্রশাসন কি এত সহজে বুঝবে? শীর্ষ আদালত হাজতবাসের নির্দেশ দিলে যে আল্লুর স্বাভাবিক জীবন অনিশ্চিত হয়ে পড়বে, সে বিষয়ে সন্দেহ নেই অনুরাগীদের।