‘ডাক’ মেরে যাচ্ছেন অধিনায়ক; বুধবার নিশ্চিত হবে সিরিজ?

দুই ফরম্যাট মিলিয়ে সাদা বলে পরপর দুই ম্যাচে ‘ডাক’ মেরেছেন লিটন কুমার দাস। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটে তার ওপরেই বর্তেছে টি-টোয়েন্টির নেতৃত্ব। কিন্তু ব্যাটে তো রান নেই। প্রথম টি-টোয়েন্টিতে লিটন ‘গোল্ডেন ডাক’ মারলেও দল জিতেছে। আগামীকাল বুধবার দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের দারুণ সুযোগ টাইগারদের সামনে।

কিংসটাউনে বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। ক্রিকেটের এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজ বরাবরই শক্তিশালী। তবে প্রথম ম্যাচে টাইগারদের বোলিং আক্রমণের সামনে তারা ধসে পড়েছিল। উইকেট তেমন ব্যাটিং সহায়ক ছিল না। তবুও সৌম্য সরকার খেলেন ৩২ বলে ৪৩ রানের ইনিংস। মিডল অর্ডারে জাকের আলী (২৭), শেখ মাহেদি (২৬) আর শামীম পাটোয়ারীর (২৭) সৌজন্যে বাংলাদেশ লড়াকু স্কোর পায়। এরপর বল হাতে ৪ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে দেন শেখ মাহেদি।

দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ভিডিওতে শামীম পাটোয়ারী বলেছেন, ‘প্রথম ম্যাচের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। যখন আমি উইকেটে যাই, তখন মাথায় ছিল দ্রুত রান করার পরিকল্পনা। আমি জানতাম, রান করতে পারলে দল ভালো অবস্থায় পৌঁছাবে। আমাদের সামনে সিরিজ জয়ের দারুণ সুযোগ আছে। ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী টি-টোয়েন্টি দল। কিন্তু আমরা বিশ্বাস করি, আরেকটি ম্যাচ জিততে পারলে সিরিজটা আমাদের হবে ইনশাআল্লাহ।’