১৩ মাসের শিশুকে কীভাবে রাখব?

বগুড়ার শেরপুরে ১৩ মাসের শিশুকে  (ছেলে) রেখে সুম্মা খাতুন (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামে এ ঘটনা ঘটে।  সুম্মা খাতুন একই এলাকার আযম খন্দকারের মেয়ে।

নিহতের মা তাছলিমা জানান, টাঙ্গাইল জেলার সোহেল রানার সঙ্গে মেয়েকে বিয়ে দিয়েছিলেন। সোহেল ঘর জামাই থাকে। মাঝেমধ্যেই তাদের দুজনার ঝগড়া হতো। আজ সকালে জামাই সোহেল কাজের উদ্দ্যেশ্যে বাহিরে যান। সকাল ১০ টার দিকে মেয়ের ঘর থেকে নাতির কান্নার শব্দ শুনে এগিয়ে যাই। দরজা বন্ধ থাকায় জানালার ফাঁক দিয়ে দেখি মেয়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের তীরের সাথে ঝুঁলছে। পরে, আত্মচিৎকারে পড়শিরা এসে দরজা ভেঙে ভেতরে গিয়ে লাশ নামায়।

নিহতের স্বামী সোহেল জানান, আজ সকালে কোনো ঝগড়া হয়নি। ১৩ মাসের সন্তান রেখে সে আত্মহত্যা করেছে। এখন আমি এই ১৩ মাসের শিশুকে কীভাবে রাখব? তার  স্ত্রী মানসিক ভারষাম্যহীন ছিলেন বলেও জানান সোহেল।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।