অনেক দিন ধরেই চলচ্চিত্রে অনিয়মিত ঢাকাই সিনেমার গ্ল্যামার কুইন পূর্ণিমা। মাঝে দীর্ঘ বিরতি কাটিয়ে সরব হয়েছিলেন কাজে। দেখা গেছে বিজ্ঞাপন, ওটিটি এবং সিনেমাতেও। কিন্তু নতুন সিনেমা কিংবা ওয়েব, কোনোকিছুতেই খবরে নেই তিনি।
বেশ কয়েক দিন আগে একটি গুঁড়াদুধের বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। বিজ্ঞাপনটির মধ্য দিয়ে দীর্ঘদিন পর পূর্ণিমা জুটি বাঁধেন জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে। প্রচারে আসার পর বিজ্ঞাপনটি সাড়াও ফেলে।
এছাড়া সাম্প্রতিক সময়ে পূর্ণিমাকে আর কোনো কাজে পাওয়া যায়নি। কোনো কাজের খবর না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানীং সরব এই নায়িকা। নিজের নতুন নতুন ছবি শেয়ার করছেন অনুরাগীদের সঙ্গে।
পূর্ণিমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখন কোনো কাজ করছেন না। ঘরে বসেই সময় কাটাচ্ছেন। কাজ প্রসঙ্গে এই নায়িকা দেশ রূপান্তরকে বলেন, ‘এই মুহূর্তে কাজের কোনো ব্যস্ততা নেই। আমার কাছে কাজ আসে না। ঘরে বসেই সময় কাটাচ্ছি।’ এদিকে গতকাল ছিল চিত্রনায়িকা শাবনূরের জন্মদিন। এদিন এই নায়িকাকে শুভেচ্ছায় সিক্ত করেন পূর্ণিমা। এক পোস্টে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন বাংলাদেশের সেরা অভিনেত্রী। আপনার অবিশ্বাস্য প্রতিভা, নিবেদন এবং অনুপ্রেরণাদায়ক কর্মক্ষমতা লাখ লাখ মানুষের জন্য আনন্দ ও গর্ব বয়ে নিয়ে আসছে। সুখী থাকুন এবং উজ্জ্বল থাকুন।’ এর আগে গেল বছর স্বামী ও কন্যাকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সেই খবর জেনেছিলেন শাবনূর। পরে পূর্ণিমাকে খুঁজে বের করে শাবনূর তার বাসায় আমন্ত্রণ জানান। এরপর পূর্ণিমা তার বাসায় যান এবং নিজের ফেসবুক পেজ থেকে শাবনূরের সঙ্গে লাইভে আসেন।
অনেকের ধারণা, ঢালিউডে নিজেদের রাজত্ব বহালের প্রতিযোগিতা থেকেই শাবনূর-পূর্ণিমার দ্বন্দ্ব। সেই গুঞ্জনে জল ঢেলে দেন এই দুই তারকা। তারা জানান, সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। কিন্তু মোটেও তা না।
পূর্ণিমা বলেন, ‘আমাদের দুজনের সম্পর্কটা ফুলের পাপড়ির মতো। শাবনূর আপা অভিনয়ের প্রতিষ্ঠান। আমাদের সবার অনুপ্রেরণা। যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছি, নির্মাতারা শাবনূর আপার উদাহরণ দিয়ে সেভাবে কাজ চাইতেন আমাদের কাছে। কিন্তু আমরা আপার ধারেকাছেও ছিলাম না। আমি অনেকবার তাকে কপি করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। মানুষ হিসেবে তার তুলনা নেই।’
পূর্ণিমাকে সর্বশেষ দেখা গেছে ‘আহারে জীবন’ সিনেমায়। ছটকু আহমেদ পরিচালিত এ সিনেমার পূর্ণিমার বিপরীতে ছিলেন ফেরদৌস। এছাড়া পূর্ণিমাকে ওয়েব ফিল্মেও দেখা গেছে, কাজল আরেফিন অমি পরিচালিত ‘হোটেল রিল্যাক্স’-এ।