বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন ও সম্পত্তির নিরাপত্তার দাবিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেসদলীয় সংসদ সদস্যরা। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পার্লামেন্ট ভবন চত্বরে এই বিক্ষোভের নেতৃত্ব দেন কেরালার ওয়েনাড থেকে লোকসভায় নির্বাচিত কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, গতকাল কংগ্রেস সদস্যরা বিক্ষোভ দেখালেন যে ব্যাগ কাঁধে ঝুলিয়ে, তাতে ইংরেজিতে লেখা স্ট্যান্ড উইথ মাইনরিটিজ অব বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে আছি। হিন্দিতে লেখা বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়িয়ে আছি।
গতকাল বিক্ষোভ সমাবেশে সুবিচার চেয়ে নানা ধরনের সেøাগানও দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জবাবদিহি করতে বলা হয়। বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষায় কেন্দ্রীয় সরকার কেন নীরব, তা জানতে চাওয়া হয়।
এর আগে গত সোমবার প্রিয়াঙ্কা গান্ধী লোকসভায় দাঁড়িয়ে বলেন, সরকারের উচিত বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিষয়টি তুলে ধরা। বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা উচিত এবং যারা কষ্ট পাচ্ছে তাদের সমর্থন করা উচিত।
এদিন প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে লোকসভায় যান প্রিয়াঙ্কা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিজেপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তার সমালোচনা শুরু করেন। লোকসভা থেকে বের হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই সমালোচনার জবাব দিতেও বাংলাদেশ প্রসঙ্গ টানেন প্রিয়াঙ্কা।
তিনি বলেন, তাদের (বিজেপি সংসদ সদস্যদের) বলুন বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিষয়ে কিছু করতে; এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে; আর বলুন এসব অর্থহীন সমালোচনা থামাতে।
বিশ্লেষকরা বলছেন, স্পষ্টতই কংগ্রেস দেখাতে চাইছে, তারা যেমন ফিলিস্তিনের অত্যাচারিত জনতার পাশে, তেমনই তারা বাংলাদেশের সংখ্যালঘুদের পাশেও আছে। দেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ানোর জন্য বিজেপি বারবার কংগ্রেসকে দোষারোপ করে। তার মোকাবিলায় কংগ্রেস বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হলো।