হাসিনা রেহানা জয় টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে দুদক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে প্রায় ৯০ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।

দুদকের তথ্যমতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলার লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ গত রবিবার এ রুল জারি করে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিষয়ে ওই রুল জারির দুই দিন পর অনুসন্ধানের সিদ্ধান্ত জানায় দুদক।

দুদকের কাছে থাকা অভিযোগে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ৫৯ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ পেয়েছে দুদক। এসব দুর্নীতিতে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিকীর সম্পৃক্ততা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক। গতকাল দুদক চেয়ারম্যান আবদুল মোমেনের নেতৃত্বে কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ অগ্রাধিকারের আটটি প্রকল্পে ২১ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ পেয়েছে কমিশন। কমিশন এসব অভিযোগও অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্পগুলো হচ্ছে আশ্রয়ণ প্রকল্প, বেজা ও বেপজার আট প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে সব মিলিয়ে ৯০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে অনুসন্ধান বা তদন্তের উদ্যোগ নিয়েছে দুদক।

দুদকের নথিতে বলা হয়েছে, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের ১৫ বছরের শাসন অবসানের পর গত ৫ আগস্ট পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। আওয়ামী লীগের সময়ে ব্যাপক দুর্নীতির যেসব অভিযোগ বেরিয়ে আসতে শুরু করেছে, সে বিষয়ে তদন্ত বা অনুসন্ধানের উদ্যোগ এটাই প্রথম।