বান্দরবানে সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানার ব্যবহার করায় এক প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। তার নাম মো. মোকাম্মেল আমিন কুতুবী। তিনি আলীকদম উপজেলার সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত সোমবার মহান বিজয় দিবস উদযাপনের সময় ব্যবহৃত ব্যানারে শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করা হয়। বিকেলেই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন খান স্বাক্ষরিত এক আদেশে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা অফিসার মো. মোশারফ হোসেন খান।
কারণ দর্শানোর নোটিসে বলা হয়েছে, আপনার কর্মরত বিদ্যালয়ে সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানার ব্যবহার করেছেন। আপনার এ ধরনের আচরণ সরকারি কর্মচারী লঙ্ঘনের শামিল। আপনার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে না, তা পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে দাখিল করতে অনুরোধ করা হলো।