১২০ বলের টি-টোয়েন্টি ক্রিকেটের ৫৬ বল অর্থাৎ ৯টি ওভারই ডট, বাকি ৬৬ বল থেকে বাংলাদেশের ১০ ব্যাটসম্যান মিলে তোলেন ১২৯ রান। আগে ব্যাটিং করা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে লক্ষ্য দিয়েছে ১৩০ রানের।
সেন্ট ভিনসেন্টে সিরিজ জয়ের উদ্দেশ্যে মাঠে নামা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন শামীম হোসেন। দুটি করে চার-ছক্কায় তার ১৭ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংসে ওভারপ্রতি ছয়ের বেশি রানের লক্ষ্য দিতে সক্ষম হয় বাংলাদেশ।
এছাড়া আফিফ হোসেনের জায়গায় একাদশে আসা মেহেদী হাসান মিরাজ ২৫ বলে ২৬ এবং জাকের আলী ২০ বলে ২১ রান করেন। আগের ম্যাচের সর্বোচ্চ স্কোরার সৌম্য সরকার থামেন ১৮ বলে ১১ রান করে। লিটন দাসের খারাপ ফর্মও কাটেনি। ইনিংস উদ্বোধনে নেমে ১০ বল খেলে করেন মাত্র ৩ রান।
এ ম্যাচেও টস জেতেন রভম্যান পাওয়েল। সেই সঙ্গে উইন্ডিজ শুরুও করে ভালো। পাওয়ার প্লেতে আসে মাত্র ২৯ রান। ৮২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ শঙ্কায় ছিল ১০০’র নিচে থেমে যাওয়ার। অষ্টম উইকেটে শামীম-তানজিমের ২৩ বলে ৪১ রানের সর্বোচ্চ জুটিতে সেই লজ্জা পেতে হয়নি।
গুডকেশ মোতি ২টি উইকেট শিকার করেন। ১টি করে উইকেট পান আকিল হোসেইন, রোস্টন চেজ, আলজারি জোসেফ এবং ওবেড ম্যাকয়।