নরসিংদীতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে যুবক গুলিবিদ্ধ

আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ ও সিএনজি স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে নরসিংদীর পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের ছোড়া গুলিতে মো. রনি (৩২) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। আহত হন আরও ৩ জন। 

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া এবং স্থানীয় বিএনপির নেতা মোসাদ্দেক হোসেন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ রনি পাঁচদোনা এলাকার শাহীন মিয়ার ছেলে। আহত অন্যান্যরা হলেন- একই এলাকার আজিমউদ্দিন মিয়ার ছেলে ও পাঁচদোনা ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আলম মিয়া (৫৫) এবং  মিজান মিয়ার ছেলে শুভ (১৯)। 

জানা গেছে, আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ ও সিএনজি স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া ও স্থানীয় বিএনপির নেতা মোসাদ্দেক হোসেন গ্রুপের মধ্যে দন্দ্ব শুরু হয়। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল রাতে লাল মিয়া মেম্বারের ছেলেকে মারধর করে মোসাদ্দেক সমর্থকরা। এ খবর ছড়িয়ে পড়লে লাল মিয়া সমর্থকরা মোসাদ্দেক সমর্থকদের ধাওয়া দেয়। এ সময় দুই পক্ষর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে একজন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হন। পরে লাল মিয়া সমর্থকরা বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ প্রদর্শনসহ টায়ারে আগুন দিয়ে অবরোধ করে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ‘বিএনপির দুই গ্রুপের আধিপত্যকে কেন্দ্র করে গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩ জন আহত হন। কিছুক্ষণ মহাসড়কে যানচলাচল বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’