সৌম্যর আঙুলে দিতে হয়েছে পাঁচটি সেলাই

সেন্ট ভিনসেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে আঘাত পান সৌম্য সরকার। তানজিম হাসান সাকিবের গুড লেংথের বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল। ক্যাচ নিতে গিয়ে আঙুলে মারাত্মকভাবে চোট পান সৌম্য। সেই আঘাতে আঙুলে পাঁচটি সেলাই পড়েছে তার। ফিজিও বায়েজিদুল ইসলাম খান নিশ্চিত করেছেন এ তথ্য।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ৭ম ওভারে ঘটে এই দুর্ঘটনা। কাঁধ সমান উঁচুতে আসা বলটি সৌম্যর ডান হাতের তর্জনীতে লাগে। সঙ্গে সঙ্গে ব্যথায় কুঁকড়ে উঠেন সৌম্য। বলটা তার বরাবরই আসছিল। হুট করে বাতাসে কেটে গতিপথ বদলে ফেলে বলটি। সৌম্য ঠিক সময়ে জায়গামতো হাত না নিতে পারায় বলটি আঘাত হানে আঙুলে। ইনজুরিতে পড়ার আগের ওভা্রেই স্লিপে নিকোলাস পুরানের ক্যাচ তালুবন্দি করেন তিনি।

চোট বেশ গুরুতর হওয়ার কারণে সৌম্যকে হাসপাতালে পর্যন্ত নিতে হয়েছে। এই ধরনের আঘাতে কমপক্ষে চার সপ্তাহ লাগে। তবে সৌম্যর আঙুলের এক্সরে করা হবে। সেই রিপোর্টের পর বোঝা যাবে, তার সর্বশেষ অবস্থা। আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বোঝা যাচ্ছে লম্বা সময়ের জন্যই ছিটকে যাচ্ছেন সৌম্য। 

আগামী ৩০ ডিসেম্বর শুরু বিপিএল। টি-টোয়েন্টিতে ভালো ফর্মে থাকা সৌম্যকে শুরুর সময়টায় হয়তো পাওয়া যাবে না। আর নিশ্চিত ভাবেই মিস করবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি। তবে দ্বিতীয় ম্যাচটি জিতে নিয়ে এরই মধ্যে সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের।