১৪ বছরের সতীর্থের বিদায়ে আবেগাপ্লুত কোহলি

২০১৪ সালে এমনভাবে আবেগ প্রকাশ করতে হয়েছিল বিরাট কোহলিকে। সেবার মেলবোর্ন থেকে হঠাৎ করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনী। এবার ব্রিসবেনে তার পুনরাবৃত্তি করেছেন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী রবিচন্দ্রন অশ্বিন। তার অবসরে আবেগী হলেও পরের সময়ের জন্য শুভকামনা জানিয়েছেন কোহলি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ কোহলি লিখেছেন, ‘আমি তোমার সঙ্গে ১৪ বছর ক্রিকেট খেলেছি, যখন তুমি অবসর নেওয়ার কথা জানালে সেই স্মৃতিগুলো ভেসে উঠে আমাকে আবেগী করে তুলেছে। ভারতের জার্সিতে তোমার দক্ষতা ম্যাচ জেতানো ক্ষমতার তুলনায় দ্বিতীয় কেউ নেই।’

ব্রিসবেন টেস্টের নাটকে ভরা পঞ্চম দিনে ম্যাচ ড্র হওয়ার পর অধিনায়ক রোহিতের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আচমকা অবসরের ঘোষণা দেন অশ্বিন। ১০৬ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন হিসেবে। ২০১১ সালে অভিষেক টেস্টে ৯ উইকেট শুরু হওয়া সফরটি থামলো ৫৩৭ উইকেটে।

ভারতের হয়ে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল আরেক কিংবদন্তি অনিল কুম্বলের (৬১৯টি)। ৬ সেঞ্চুরি ও ১৪ ফিফটিতে ৩ হাজার ৫০৩ রান করেছেন ২৫.৭৫ গড়ে। একসময় ছিলেন টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডারও। ৩০০ উইকেট ও ৩ হাজার রানের ‘ডাবল’ অর্জন করা ১১ ক্রিকেটারের একজন তিনি।