আজকের সংঘর্ষের পর সাদপন্থিদের ইজতেমার আর প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। আজ বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হকবলেন, তারা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছে। সাদপন্থিরা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে। তাই তাদের নিষিদ্ধ করতে হবে। তারা যা করেছে তাতে তাদের আর ইজতেমার প্রশ্নই আসে না।
তিনি বলেন, সাদপন্থিরা ইজতেমা মাঠে জোর করে ঢুকে পড়েছিল। এর জেরে যে হত্যাকাণ্ড ঘটেছে তার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে আজকের মধ্যেই।
তিনি আরও বলেন, সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তাতে সহযোগিতা করব। আমরা যাতে যথাযথ ইজতেমা সম্পন্ন করতে পারি, সেজন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন।