জিয়াউল আহসানের দুর্নীতি অনুসন্ধানে দুদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার দুর্নীতি অনুসন্ধানে ইতোমধ্যে তিন সদস্যের টিমও গঠন করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, জিয়াউল আহসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে আজই একটি কমিটি করা হয়েছে।

সেনাবাহিনী থেকে অব্যাহতি প্রাপ্ত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদের পাহাড় গড়াসহ অর্থ পাচারের অভিযোগ রয়েছে। গত ১৯ আগস্ট জিয়াউল আহসান, তার স্ত্রী-সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করে বাংলাদেশ ব্যাংক। গত ১৫ বছর আলোচিত ও প্রভাবশালী এই কর্মকর্তাকে শেখ হাসিনা সরকার পতনের পরদিন চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।