চট্টগ্রাম

খাবারের উচ্ছিষ্ট বিক্রির দ্বন্দ্বে যুবককে হত্যা

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) নগরের একটি বেসরকারি হাসপাতালে জসিম উদ্দিন (২৫) নামে ওই যুবকের মৃত্যু হয়।

এর আগে গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে নগরের আনন্দবাজার চসিকের ডিপো থেকে ময়লা সংগ্রহ ও বিক্রি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। নিহত জসিম উদ্দিন আনন্দবাজার টিসি কলোনির বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। তাদের বাড়ি ভোলা জেলায়। 

নগরের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, নিহত জসিমের বাবা চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের অস্থায়ী কর্মী। নিহত জসিমও ময়লা সংগ্রহের কাজে যুক্ত ছিলেন। আনন্দবাজার ময়লার ডিপো থেকে ভাত-রুটিসহ ফেলে দেওয়া খাবার কুড়িয়ে ভাসমান লোকজন, ভিখারিদের কাছে বিক্রি করতেন জসিম। মূলত এই ব্যবসা নিয়ে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধের জেরে মঙ্গলবার রাত ৯টার দিকে জসিসকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষের লোকজন। ধারালো অস্ত্র দিয়ে জসিমের গলার একপাশে আঘাত করার ফলে তার শ্বাসনালি কেটে যায়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তার মৃত্যু হয়েছে।’

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি সুলতান আহসান।