নরসিংদীত

অটোরিকশাস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ-গুলি, আহত ৫

নরসিংদীর পাঁচদোনায় সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা মোড়ে এ ঘটনা ঘটে।

এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত দুজন হলেন- পাঁচদোনা এলাকার শাহিন মিয়ার ছেলে রনি মিয়া (৩২) ও মিজান মিয়ার ছেলে শুভ (১৯)। পিটুনিতে আহত শ্রমিক নেতা আলম মিয়া (৫৫) এবং পথচারী পলাশ উপজেলার দড়িচল গ্রামের জামাল মিয়ার স্ত্রী লিজা বেগম (৩২)। বাকী আহতদের নাম ঠিকানা জানা যায়নি। 

একই ঘটনায় বুধবার (১৮ ডিসেম্বর) সকালে পুনরায় পাঁচদোনা মোড়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ঢাকা-সিলেট মহাসড়কে স্বাভাবিকভাবে যান চলাচল করতে না পারায় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবে নতুন করে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচদোনা মোড়ে অবস্থিত সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড দখল ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি লাল মিয়া এবং ছাত্রদলের সাবেক নেতা মোসাদ্দেক হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার রাতে এবং বুধবার সকাল থেকে তাদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলাগুলির ঘটনা ঘটে।

লাল মিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের এবং মোসাদ্দেক হোসেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের কর্মী বলে জানা গেছে। 

স্থানীয় আলতাফ হোসেন নামে একজন বলেন, সিএনজিচালিত অটোরিকশাস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় লাঠিসোঁটা নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটলে মোসাদ্দেকের কর্মী রনির পায়ে ও শুভর পেটে গুলি লাগে। পিটুনিতে আহত হন আলম মিয়াসহ আরো কয়েকজন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর ও জেলা হাসপাতাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে জানতে মোসাদ্দেক ও লাল মিয়ার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল দিলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘পাঁচদোনায় বিএনপি নেতা মো. লাল মিয়া মেম্বার ও মোসাদ্দেক হোসেনের সমর্থকের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। এরই জের ধরে রাতে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। গুলিবিদ্ধসহ আহত ব্যক্তিদের চিকিৎসা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।