ইজতেমা মাঠ ছাড়ছেন মুসল্লিরা

গাজীপুরের টঙ্গীর ইজতেমা মাঠ থেকে ফিরে যেতে শুরু করেছেন মুসল্লিরা। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে মুসুল্লিরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিতে শুরু করেন। টঙ্গীতে ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে মাঠ ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়ার পর মুসল্লিরা ফিরে যেতে শুরু করেন।

ইজতেমা ময়দানে কেউ যাতে প্রবেশ করতে না পারে সে জন্য দুপুরের পর সবগুলো গেট তালা দেওয়া হয়। দুপুরের আগেই বেশিরভাগ মুসল্লি ময়দান ত্যাগ করেন। তবে যারা বের হতে পারেননি তারা দেয়াল ও গেট টপকে ময়দান ছাড়ছেন। ইজতেমার ময়দানের বাইরের অনেকে আত্মীয়-স্বজনের খোঁজে এসেছেন।  

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গীতে ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে গাজীপুর মহানগর পুলিশ। বুধবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এ নির্দেশনা দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মুসল্লি বলেন, দুপুরের আগেই বেশির ভাগ মুসল্লি বের হয়ে যান। এখন কিছু মুসল্লি আছেন। প্রশাসন মাইকিং করে ময়দান ছেড়ে দিতে বলায় আমরা বের হয়ে যাচ্ছি।  

এদিকে ইজতেমা ময়দানের আশেপাশে পুলিশ-বিজিবি মোতায়েন করা হয়েছে। ইজতেমা ময়দানের আশেপাশে জলকামান ও রয়েট কারও মোতায়েন করা হয়েছে।