জামায়াতে ইসলামীর সঙ্গে নেজামে ইসলামীর মতবিনিময়

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের জনগণ ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য কামনা করে। বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণের ব্যবস্থা যেন আল্লাহ করে দেন।

আজ বুধবার সকালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির আল্লামা সারওয়ার কামাল আজিজী, সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতাহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী ও মাওলানা ডা. ইলিয়াস খান, সাংগঠনিক সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, দপ্তর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী, অর্থ সচিব হাজী আনোয়ারুল কবীর, সহকারী সাংগঠনিক সচিব মাওলানা ইনআমুল হক কুতুবী প্রমুখ।

আমিরে জামায়াত আরও বলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ এ সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকেই এ দেশে ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। এখনো তারা ইসলামী আদর্শের ওপর অটল ও অবিচল আছেন এবং সামনে এগিয়ে যাচ্ছেন। জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি সবসময়েই পরস্পরের কাছাকাছি থেকে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজে সামনে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টি যার যার জায়গা থেকে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা এবং বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা লক্ষ্য করা যাচ্ছে তা পূরণ করার জন্য আল্লাহ আমাদের তাওফিক দান করুন।