চরমোনাই পীর

ভারতের প্রধানমন্ত্রীর কথায় বাংলাদেশের মানুষ কষ্ট পেয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশের মানুষ ভারতের প্রধানমন্ত্রীর কথায় কষ্ট পেয়েছে। ভারত এদেশ স্বাধীন করেনি। ৭১-এ লাখো শহীদের জীবন ও রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে।

আজ বুধবার বিকেলে ঐতিহাসিক রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, রংপুর জেলা সভাপতি মুহাম্মাদ মাহমুদুর রহমান রিপন সরকার, রংপুর মহানগর সেক্রেটারী মুহাম্মাদ আমিরুজ্জামান পিয়াল, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রংপুর মহানগর সভাপতি মাওলানা মোসলেম উদ্দীন জিহাদী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি হাফেজ নুর মোহাম্মাদ জিহাদী, জাতীয় শিক্ষক ফোরাম রংপুর মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আওলাদ হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি মাওলানা জয়নাল আবেদীন ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রংপুর মহানগর সভাপতি মোহাম্মাদ আবু রায়হান প্রমুখ।

পীর সাহেব চরমোনাই বলেন, রংপুরের মানুষ বিগত সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা প্রতীকে ব্যাপক সমর্থন দিয়ে সম্মানিত করে প্রমাণ করেছে রংপুরের মাটি ইসলামের ঘাঁটি। বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, স্বার্থান্বেষীরা বিগত ৫৩ বছরে নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য আলেম ওলামা ও কোনও কোনও ইসলামী দলকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। ক্ষমতালোভীরা নিজেদের স্বার্থে এদেশে ইসলাম নামক গাছটিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে দেয়নি।

বিশেষ অতিথির বক্তব্যে প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, যারা বাংলাদেশকে সিকিম বানাতে চায় তাদের সে স্বপ্ন পূরণ হবে না। জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।