ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি খাস খতিয়ানের জায়গা দখল করে আওয়ামী লীগ নেতার বিল্ডিং নির্মাণ করার অভিযোগ উঠেছে। উপজেলার ৫নং হরষপুর ইউনিয়নের এক্তারপুর এলাকায় ১নং সরকারি খাস খতিয়ানভূক্ত সরকারি জায়গা জোরপূর্বক দখল করে পাকা বিল্ডিং নিমার্ণ করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা গেছে , উপজেলার হরষপুর ইউনিয়নের এক্তারপুর মৌজার ২০৮৭ নং দাগের এক্তারপুর খেলার মাঠ সংলগ্ন ও এক্তারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে খাস জায়গা দখল করে বিল্ডিং নিমার্ণ কাজ চলছে। এক্তারপুর এলাকার বাসিন্দা হরষপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জারু মিয়া ও তার স্বজন মো. সহিদুল হক এবং আমজাদ হোসেন তিনজন মিলে যৌথভাবে ৩টি রুম দিয়ে এ বিল্ডিং নিমার্ণ করেছেন।
স্থানীয়রা জানান, তারা এলাকার প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলছে না। তারা প্রভাব দেখিয়ে নিজেদের মতো করে সরকারি জায়গা দখল করে এ বিল্ডিং নির্মাণ করতেছেন। এ ব্যাপারে মো. সহিদুল হক ও জারু মিয়ার বক্তব্য জানতে তাদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এই বিষয়ে ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা উল্লেখিত কাজে বাঁধা দিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিতভাবে জানিয়েছি। এ দিকে স্থানীয় ভূমি অফিসের বাঁধাকে উপেক্ষা করে বিল্ডিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন তারা। এতে করে স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মাজাহেরুল হক বলেন, আমি বিষয়টি খোঁজ খবর নিচ্ছি।