আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার ঐতিহাসিক মুহূর্ত স্মরণ করেছেন। ২০২৪ সালের ১৮ ডিসেম্বর, এই বিজয়ের দুই বছর পূর্তিতে মেসি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। এই দিনটি মেসির খেলোয়াড়ী জীবনের শীর্ষবিন্দু এবং ডিসেম্বরকে তার ও লক্ষ লক্ষ ভক্তের কাছে অবিস্মরণীয় এক সময়ে রূপান্তরিত করেছে।
মেসি লিখেছেন, "আমি ডিসেম্বর এবং বড়দিন ভালোবাসি। দুই বছর আগে এটি বছরের শেষের তিক্ত সময় হতে পারত, কিন্তু এটি আমার ক্রীড়া জীবনের সবচেয়ে সুন্দর মাস হয়ে উঠেছিল। এখন, প্রতিটি ডিসেম্বর আমি এই স্মৃতি মনে করি… সবাইকে শুভ দ্বিতীয় বার্ষিকী!" তার পোস্টে তিনি আলবিসেলেস্তের তিনটি বিশ্বকাপ শিরোপা স্মরণ করে তিনটি তারকার একটি ইমোজি যোগ করেন। আর্জেন্টিনা এর আগে ১৯৭৮ সালে আর্জেন্টিনা এবং ১৯৮৬ সালে মেক্সিকোতে বিশ্বকাপ জিতেছিল।
এই পোস্টের সাথে মেসি দুটি প্রতীকী ছবি শেয়ার করেছেন মেসি। প্রথম ছবিতে দেখা যায়, মেসি বিশ্বকাপের ট্রফির একটি রেপ্লিকা এবং স্কালোনেটার অর্জনগুলোর প্রতীকসমৃদ্ধ স্টিকার লাগানো একটি থার্মোস নিয়ে মেটে চা পান করছেন। লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা চারটি বড় শিরোপা জিতেছে: ২০২১ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা, ফিনালিসিমা, এবং কাতার বিশ্বকাপ।
দ্বিতীয় ছবিতে মেসিকে দেখা যায় শান্ত মুহূর্তে মেটে চা প্রস্তুত করতে, বিশ্ব ফুটবলের সর্বশ্রেষ্ঠদের একজন হওয়া সত্ত্বেও যা তার সারল্যকে তুলে ধরে।
২০২২ সালের ১৮ ডিসেম্বরের দোহার লুসাইল স্টেডিয়াম মঞ্চস্হ হয়েছিল বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ফাইনালের। রুদ্ধশ্বাস ম্যাচ নির্ধারিত ও অতিরিক্ত সময় ৩-৩ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে আর্জেন্টিনা ৪-২ গোলে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা। লিওনেল মেসি ছিলেন এই জয়ের মূল নায়ক, ম্যাচে দুই গোল করেন এবং টাইব্রেকারে তার শটে জয়ের আনন্দে মাতে আর্জেন্টিনা।