এবার শহিদ কাপুরের সঙ্গে জুটি

নতুন বছরে নতুন সিনেমা নিয়ে আসছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। অ্যাকশন ফিল্ম ‘অর্জুন উস্তারা’-তে দেখা যাবে শহিদ কাপুরকে। এতে তার বিপরীতে অভিনয় করবেন তৃপ্তি দিমরি।

জানা গেছে, সিনেমাটির শুটিং শুরু হবে আগামী বছরের ৬ জানুয়ারি থেকে আর মুক্তি পাবে ৫ ডিসেম্বর।

‘অর্জুন উস্তারা’র গল্প গড়ে উঠেছে স্বাধীনতা-পরবর্তী সময়ের মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের পটভূমিতে। ছবিটি ’৯০-এর দশকের গ্যাংস্টারদের জীবনচিত্র তুলে ধরবে। প্রযোজকরা সেই সময়কার মুম্বাইকে আবারও পর্দায় ফুটিয়ে তোলার পরিকল্পনা করছেন। সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি; নির্মাতারা ‘অর্জুন উস্তারা’ বা ‘ইভিল’ নামের মধ্যে যেকোনো একটি চূড়ান্ত করবেন বলে জানা গেছে। সাজিদ নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমনটাই জানানো হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার পর ভক্তরা ছবির অভিনয়শিল্পী ও পরিচালকের প্রশংসা করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘পাওয়ার প্যাক স্টার কাস্ট’ আরেকজন লিখেছেন, ‘এক্সিলেন্ট কাস্ট, অল দ্য বেস্ট’। অনেকে আগুনের ইমোজি দিয়ে তাদের উত্তেজনা প্রকাশ করেছেন। শহিদ কাপুর ইনস্টাগ্রাম স্টোরিতে তার এই নতুন ছবির প্রস্তুতি নিয়ে পোস্ট করেন। তিনি লেখেন, ‘প্রেপ টাইম, নায়া সাল নায়া মাল...’

শহিদ ও তৃপ্তির পাশাপাশি ছবিতে আরও অভিনয় করবেন নানা পাটেকর এবং রণদীপ হুদা।

শহিদ ও বিশাল ভরদ্বাজ জুটিকে দর্শক প্রথম দেখেছে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘কামিনে’ সিনেমায়, যা বহুল সমালোচিত একটি ছবি। পরবর্তী সময়ে ‘হায়দার’ ২০১৪ সালে তুমুল সাড়া ফেলে। যদিও এই জুটির শেষ ছবি ‘রেঙ্গুন’ সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি।

শহিদকে শেষবার কৃতি শ্যাননের সঙ্গে ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমাতে দেখা গেছে। বক্স অফিসে ভালো ব্যবসা করেছে এই ছবি।

অন্যদিকে তৃপ্তিকে সর্বশেষ দেখা গেছে ‘ব্যাড নিউজ’, ‘ভুল ভুলাইয়া থ্রি’ ছবিতে। সব মিলিয়ে তৃপ্তির ক্যারিয়ার এখন তুঙ্গে!