নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কেউ রাজনীতি করে না। তাই সংস্কার শেষেই নির্বাচন করার ম্যান্ডেট আছে এই সরকারের। তবে সময় হলে সবকিছু আরও পরিষ্কার হবে।’ গতকাল বুধবার সিলেটের তামাবিল স্থলবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে এই উপদেষ্টা বলেন, ‘সবাই যদি চায় নির্বাচন নতুন তত্ত্বাবধায়ক সরকার করবে, অথবা নতুন কাউকে যুক্ত করা হবে। তত্ত্বাবধায়ক সরকার আইনে যে সময়সীমা আছে, তা কীভাবে সমাধান হবে, তাও একটি বিষয়। তবে এখনই এসব বিষয়ে হাত দেবে না বর্তমান সরকার।’
তামাবিল স্থলবন্দরের ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সব ধরনের সমস্যা সমাধান করে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। উপদেষ্টা বেলা ১১টায় তামাবিল স্থলবন্দরে পৌঁছে স্থলবন্দরের প্রশাসনিক ভবন, তামাবিল ইমিগ্রেশন, বধ্যভূমি ও স্থলবন্দরের পণ্য পরিমাপ স্কেল পরিদর্শন করেন। পরে তিনি স্থলবন্দরের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান, বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানসহ তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতারা। ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য চায় জনগণ