বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘যুদ্ধ করে আমরা যে স্বাধীন দেশ পেয়েছি, তারা (ভারত) মনে করে, চিরদিন আমরা তাদের গোলাম হয়ে থাকব। দিল্লির নীতিনির্ধারকদের উদ্দেশে বলতে চাই, আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ^াস করেন, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন? আপনাদের এত প্রেম কেন শেখ হাসিনার বিষয়ে? দিল্লির সিংহাসনে যারা আছেন, তারা বলেন, আমরা নাকি অন্যায় করি। শেখ হাসিনা তো টু শব্দ করে না। এরকম প্রধানমন্ত্রীই তো দরকার। সেই কারণে শেখ হাসিনা নির্বাচিত হোক না হোক ও যত বড়ই ফ্যাসিস্ট হোক, তাকেই ক্ষমতায় রাখতে হবে। বিগত ১৬ বছর একমাত্র দিল্লি ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোনো দেশ সমর্থন করেনি।’
গতকাল বুধবার সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় কর্ণফুলী গার্ডেন সিটির সামনে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে আয়োজিত অনুষ্ঠানে রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করেছেন। তা না হলে ভারতের প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বরের দিন বললেন, ১৬ ডিসেম্বর হচ্ছে ভারতের ঐতিহাসিক বিজয়। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদের ছোট করলেন অবজ্ঞা করলেন।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, ফজলুল হক মিলন, সরাফত আলী সপু, ডা. রফিকুল ইসলাম প্রমুখ।