খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্যুরের বাস, আহত ২০

খাগড়াছড়িতে ঢাকা থেকে খাগড়াছড়িগামী পর্যটকবাহী বাস উল্টে ২০ জন পর্যটক আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে আলুটিলা পুনর্বাসন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার রাতে ঢাকা থেকে ঢাকা ট্যুর গ্রুপের অ্যারেঞ্জমেন্টে গোমতি গোল্ডেন এক্সপ্রেস গাড়ি সাজেকের উদ্দেশ্যে ৪০ জন যাত্রী নিয়ে রওনা হয়। বৃহস্পতিবার ভোরে খাগড়াছড়ি আলুটিলা পুনর্বাসন এলাকায় পৌঁছলে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে ২০ জন যাত্রী আহত হন। তারা সবাই রাজবাড়ীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার বাসিন্দা।

আহতদের পুলিশ. ফায়ার সার্ভিসের কর্মীরা, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়ে দেন। আহতরা সকলে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক মো. মীর মোশারফ হোসেন জানান, আহদের সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে। ২/৩ জন রোগী ছাড়া কেউ বড় ধরনের আহত হননি। সবাই খাগড়াছড়ি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরতে পারবেন বলেও জানান তিনি।