একজন বয়স্ক ব্যক্তিকে সেবা না দিয়ে এক ঘণ্টা ধরে অপেক্ষা করানোর অভিযোগে ১৬ জন সরকারি কর্মকর্তাকে ২০ মিনিট দাঁড় করিয়ে রেখে শাস্তি দেন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (আইএএস) অফিসার।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যায়, অফিসের মধ্যে প্রায় ১৬ জন কর্মচারী সিট থেকে উঠে দাঁড়িয়ে আছে। তাও আবার ১-২ মিনিটের জন্য় নয়, ২০ মিনিটের জন্য। ঘটনাটি ঘটে ভারতের নয়ডা আবাসিক প্লট বিভাগে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভারতীয় সংবাদ মাধ্যম জি ২৪ ঘণ্টার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ওই প্রতিবেদনে জানা যায়, নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অফিসের কাজকর্ম পর্যবেক্ষণের জন্য ৬৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। নয়ডার সিইও ড. লোকেশ এম ফুটেজে দেখেন, এক বয়স্ক ব্যক্তি আবাসিক বিভাগের একটি কাউন্টারে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছেন। তিনি অফিসে প্রবেশ করেন এবং বৃদ্ধের প্রতি মনোযোগ না দেওয়ার জন্য কর্মচারীদের জিজ্ঞাসা করেন। তারপরই তিনি ওই বৃদ্ধ লোকের কাছে একজন নারী কর্মকর্তাকে পাঠান এবং কথা বলতে বলেন।
প্রতিবেদনে সিইও ড. লোকেশ জানান, তিনি সিসিটিভি ভিডিও দেখেছেন কর্মীরা বৃদ্ধ লোকটির সম্পত্তি সমস্যা সমাধান করছেন না এবং তাকে প্রায় এক ঘণ্টা ধরে দাঁড় করিয়ে রেখেছেন। সিসিটিভিতে দেখি আমাদের একজন স্টাফ সদস্য অলস বসে আছে। এবং তিনিও বিন্দুমাত্র ইচ্ছা প্রকাশ করেননি ওই বৃদ্ধের সঙ্গে কথা বলার। তারপর আমি সেখানে যাই, এবং সমস্ত কর্মচারীদের ২০ মিনিটের জন্য দাঁড় করিয়ে রাখি।