ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চুনকটিয়া রুপালী ব্যাংকের শাখায় ডাকাতদের হাতে জিম্মিদের উদ্ধারে যেকোনও সময় অভিযান চালানো হতে পারে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।
তিনি জানান, ব্যাংকের ওই শাখায় বেশ কিছু মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। আইনশৃঙ্খলাবাহিনী তাদের বাইরে থেকে ঘিরে রেখেছে। জিম্মিদের উদ্ধারে যেকোনো সময় অভিযান চালানো হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যাংকটির ভেতরে ১২ জন ডাকাত সদস্য রয়েছে। সেখানে জিম্মি অবস্থায় রয়েছেন ১০ থেকে ১২ জন গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারী। তবে ডাকাতরা এখন পর্যন্ত কোনও ধরনের মুক্তিপণ চায়নি।
এর আগে দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের ওই শাখায় ডাকাত দলের হানা দেওয়ার খবর পাওয়া যায়। এ খবর তাৎক্ষণিকভাবে এলাকায় জানাজানি হয়ে যায়। পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ডাকাত হানা দেওয়ার তথ্য ছড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শাখাটি বাইরে থেকে ঘিরে ফেলেন।