ব্যাংক থেকে ৩ ডাকাতের আত্মসমর্পণ

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখা থেকে তিন ডাকাত আত্মসমর্পণ করেছেন। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তারা আত্মসমর্ণ করেন।

ঘটনাস্থলে থাকা এক র‌্যাব কর্মকর্তা জানান, ব্যাংকের ভেতর থেকে ৩ ডাকাতকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ব্যাংকের ভল্ট ভাঙতে পারেনি ডাকাতরা। জিম্মিরা সবাই অক্ষত রয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা ৩ ডাকাত ৩টি আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতদল হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশপাশের এলাকা ঘিরে রাখে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ানসহ র‌্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।