২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব: গণতন্ত্র মঞ্চ

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দ জানিয়েছেন, কাজের গতি থাকলে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ সালের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব। সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। বাতিল হওয়া স্থানীয় পরিষদের কাউন্সিলরদের পুনর্বাসনের কোনও সুযোগ নেই। সরকারি পদ ও ক্ষমতা ব্যবহার করে সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে প্রতিহিংসামূলক মামলায় জড়িয়ে জেলে পোরা হয়েছে।

আজ সকালে তোপখানা রোড়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা একথা বলেন।

নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ার উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বাস্তবে প্রশাসনে স্থবিরতা চলছে। একশ্রেণির আমলারা ব্যক্তিগত এজেন্ডা ও প্রতিহিংসা চরিতার্থ করতেই ব্যস্ত রয়েছে।

সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর মানুষের বিপুল প্রত্যাশা। তারা যদি পক্ষপাতদুষ্ট হয়ে তাদের দলনিরপেক্ষতা হারান, তাহলে তাদের অধীনে জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। তিনি রাজনৈতিক দলসমূহসহ সবাইকে আস্থায় নিয়ে সরকারকে সংস্কার, জাতীয় নির্বাচনসহ দেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিশ্চিত করার আহ্বান জানান।

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ফ্যাসিবাদী শক্তির গোটা প্রশাসন অক্ষুণ্ণ রেখে গণঅভ্যুত্থানের চেতনায় দেশ এগিয়ে নেওয়া যাবে না। আমলাদের শোধ প্রতিশোধের তৎপরতা সরকারকে বিপদে ফেলে দিতে পারে।

শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, সংস্কার ছাড়া গতানুগতিক নির্বাচন দিয়ে দেশ এগুতে পারবে না। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য সংস্কার প্রয়োজন।

আবুল হাসান রুবেল বলেন, গণঅভ্যুত্থানের সংগঠকেরা গুপ্ত হত্যার শিকার হচ্ছেন। তিনি গণঅভ্যুত্থানের সংগঠকদের নিরাপত্তাসহ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকরী করে তুলতে বহু আয়োজন চলছে। যার সাথে যুক্ত রয়েছে পতিত ফ্যাসিবাদী শক্তি ও নানা অশুভ চক্র। এসব বিবেচনায় রেখেই সরকারকে প্রজ্ঞা ও দূরদর্শিতাতার সঙ্গে দেশের গণতান্ত্রিক উত্তরণের সুনির্দিষ্ট পদক্ষেপ নির্ধারণ করতে হবে।

সংবাদ সম্মেলনে দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে আগামী ২৪ ডিসেম্বর বিক্ষোভ সমাবেশ ঘোষণা করা হয়। বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।