হামজা চৌধুরী এখন বাংলাদেশের

দীর্ঘ অপেক্ষা অবশেষে ফুরালো। ইংলিশ প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে ছোট্ট ভিডিওবার্তায় এই সুসংবাদটি দিয়েছেন হামজা নিজেই। এর কয়েক মিনিট পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাকে খেলানোর ব্যপারে ফিফার ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। একই সময়ে লিস্টার সিটি তাদের ফেসবুক অ্যাকাউন্টে লাল সবুজ পতাকা হাতে হামজা চৌধুরীর ছবি পোস্ট করে লিখেছে, 'আজ হামজা চৌধুরী তার জাতীয় দলের প্রতিনিধিত্বের অধিকার পরিবর্তন করে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।'

বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাজ্য প্রবাসী হামজা অনেকদিন ধরেই চাইছিলেন বাংলাদেশের হয়ে খেলতে। বাফুফেও তাকে পেতে দীর্ঘদিন ধরে কাজ করছিলো। তবে ইংল্যান্ড যুবদলের হয়ে ম্যাচ খেলার কারনে ফিফার ফুটবল ট্রাইবুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে অনাপত্তি জানাতে সময় নেয়। অবশেষে প্লেয়ার স্ট্যাটাস চেম্বার ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির এই হোল্ডিং মিডফিল্ডারকে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি দেয়। 

১৪ ডিসেম্বর প্রিমিয়ার লিগে নিউকাসলের বিপক্ষে সর্বশেষ খেলেন হামজা চৌধুরী

হামজা অবশ্য ঘোষণার কয়েক ঘন্টা আগেই তার হাজারো ভক্তদের উদ্দেশ্যে এই ঘোষণা দেয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ভিডিওবার্তায় হামজা বলেন, ’সবাইকে শুভেচ্ছা, আমি হামজা বলছি। আমি খুবই আনন্দিত, পরিকল্পনামাফিক হয়েছে। বাংলাদেশের হয়ে খেলার জন্য আমার তর সইছে না। আশা করি অচিরেই সবার সঙ্গে দেখা হবে।’

সব জটিলতা মিটে যাওয়ায় হামজাকে আগামী বছর মার্চে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় পর্বে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে। ২৫ মার্চ ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন।

১৯৯৭-এর ১ অক্টোবর লেস্টারশায়ারের লাফবরোতে জন্ম নেয়া হামজা চৌধুরী ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে ৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১৪-১৫ মৌসুম থেকে এখন পর্যন্ত লেস্টার সিটির হয়ে ২৫৩ ম্যাচ খেলেছেন তিনি।