ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতি করতে আসা তিন ডাকাত গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করেন বলে জানিয়েছেন রূপালী ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের জিএম মো. ইসমাইল হোসেন শেখ।
আজ বৃহস্পতিবার রাত ৭টা ২০ মিনিটের দিকে ব্যাংক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, আটক তিন ডাকাত গ্রাহক সেজে ব্যাংকে প্রবেশ করেন। এরপর খেলনা পিস্তল ঠেকিয়ে ম্যানেজারকে জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা করেন তারা। তবে ব্যাংকের টাকা-পয়সা খোয়া যায়নি। জনগণের কোনো আমানতও খোয়া যায়নি। আগামী রবিবার থেকে ব্যাংকের এই শাখায় আবার আগের মতো লেনদেন হবে।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েক শ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। খবর পেয়ে তখনই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে ব্যাংকটি ঘিরে ফেলেন। পরে অন্যান্য বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও ঘটনাস্থলে অবস্থান নেয়। তাদের যৌথ অভিযানে ডাকাতদলের তিন সদস্য আত্মসমর্পণ করে।