প্রবাসীদের আয় রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বিদেশি মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের পরিমাণ বাড়ছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৫ বিলিয়ন ডলারে। আর বিপিএম৬ হিসাব অনুযায়ী রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছুঁইছুঁই। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ ২৪ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। আর আইএমএফের বিপিএম৬ হিসাব অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ১৯ দশমিক ৯৬ ডলারে।
গত ১১ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মাধ্যমে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আমদানি পণ্যের বিল বাবদ ১ দশমিক ৫০ বিলিয়ন ডলার পরিশোধ করে বাংলাদেশ। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়ায় ১৮ দশমিক ৪৫ বিলিয়ন ডলার (বিপিএম৬)।
২০২২-২৩ অর্থবছরে শেষ নাগাদ নিট রিজার্ভ নামে ২৪ দশমিক ৭৩ বিলিয়ন ডলারে। এ সময় বৈশ্বিক উচ্চ মুদ্রাস্ফীতির কারণে আমদানি ব্যয় বাড়তে থাকে। অন্যদিকে বৈদেশিক মুদ্রার আহরণের ক্ষেত্রটা সংকুচিত হতে থাকে। এ অবস্থায় জ¦ালানি ও জরুরি খাদ্যপণ্য আমদানিতে ডলারের চাহিদা বাড়তে থাকে।
উল্টোদিকে ডলার বিক্রি করার কারণে কমে যায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ। এরপর বৈদেশিক ঋণ ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার ক্রয়ের মাধ্যমে আবার রিজার্ভ বাড়ায়।
বর্তমান সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রয়েছে। পাশাপাশি বিভিন্ন সোর্স থেকে ডলার যোগ হচ্ছে প্রতিদিনই। এর ধারাবাহিকতায় ক্রমেই বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ।