নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা নারী-শিশুসহ ২৪ জনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার ভোরে বঙ্গোপসাগর থেকে আটক ওই রোহিঙ্গাদের চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সৈকত এলাকায় আনা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, আটক রোহিঙ্গাদের মধ্যে ১১ জন শিশু, আটজন পুরুষ ও পাঁচজন নারী। তারা ইঞ্জিনচালিত একটি নৌকায় ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিল বলে জানিয়েছে।
কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ শরীফ বলেন, আটক রোহিঙ্গাদের কোস্ট গার্ডের সহায়তায় ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। কোস্ট গার্ডের রায়পুর বাতিঘর স্টেশনের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।