ধরে নিয়ে যাওয়া কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ

পঞ্চগড় সীমান্ত থেকে ভারতে ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি কিশোর আবু রায়হান ইসলাম ওয়াসিমকে (১৫) ফেরত দিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল বৃহস্পতিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। ওয়াসিমের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া এলাকায়। সে ওই এলাকার রেজাউল করীমের ছেলে।

গত বুধবার বিকেলে সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬ এলাকা থেকে ওয়াসিমকে ধরে নিয়ে যান বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের গোড়ালবাড়ী ক্যাম্পের সদস্যরা।

বিজিবির টোকাপাড়া ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শফিকুল ইসলাম জানান, কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের পর ওই কিশোরকে ফেরত দিয়েছে বিএসএফ। সেনপাড়া সীমান্তের মেইন পিলার ৭৪৬-এর নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে ভিতরগড় কোম্পানি কমান্ডার সুবেদার দারাজ উদ্দিন ও বিএসএফের পক্ষে ৪৬ ব্যাটালিয়নের ভাটপাড়া কোম্পানি কমান্ড্যান্ট সুখদেব সিং নেতৃত্ব দেন। গতকাল দুপুরে ওই কিশোরকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।